এক্সবক্স ক্লাউড গেমিংয়ে বিভ্রাট

২৮ ডিসেম্বর, ২০২৪ ১৮:৪৩  

মাইক্রোসফটের এক্সবক্স ক্লাউড গেমিং প্ল্যাটফর্ম ব্যবহার করে গেম লোড করতে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। গত বৃহস্পতিবার থেকে সার্ভিসটিতে সমস্যা শুরু হয়, যা পুরোপুরি সমাধান হতে ২৪ ঘন্টারও বেশি সময় লাগে। খবর এনগ্যাজেট।

বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা রিপোর্ট করেছেন যে, গেম লোড হতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সময় লাগছে। কিছু ক্ষেত্রে ৫০ মিনিট বা তারও বেশি সময় লেগে যাচ্ছে। এমনকি গেম লোড হওয়ার পরেও ব্যবহারকারীরা বারবার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার অভিজ্ঞতা পাচ্ছেন।

মাইক্রোসফটের স্ট্যাটাস পেজ অনুযায়ী, “ক্লাউড গেম চালু করতে বা গেম চলাকালীন সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সমস্যা হতে পারে” এমন লেখা দেখা গেছে।

মাইক্রোসফট এই সমস্যার কথা স্বীকার করে এবং শুক্রবার জানায়, “গেম চালু করতে উচ্চ অপেক্ষার সময় দেখা যেতে পারে, তবে ব্যবহারকারীরা স্বাভাবিকের তুলনায় দ্রুত সংযুক্ত হতে পারবেন বলে আশা করা হচ্ছে”।

এ রিপোর্ট লেখার সময় মাইক্রোসফটের স্ট্যাটাস পেজ অনুযায়ী, সকল সেবা স্বাভাবিক আছে বলে দেখা যায়।

উল্লেখ্য, এর আগেও কয়েকবার এক্সবক্স ক্লাউড গেমিং বিভ্রাটের কবলে পড়েছিলো।

ডিবিটেক/বিএমটি